সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত করেছেন ভুক্তভোগী ব্যক্তি। একই সঙ্গে চিকিৎসকের অবহেলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ডাক্তার সাদিয়া রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনকে চিঠিতে জানিয়েছেন ক্লিনিকের ব্যবস্থাপক।
অভিযোগ সুত্রে জানাযায়, ফরহাদ হোসেন সাকিব গত বুধবার বিকালে তাঁর স্ত্রীকে আল্ট্রাসনোগ্রাফি করানোর সীতাকুণ্ড ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা: সাদিয়া রহমান গর্ভের শিশুর অবস্থা খারাপ বলে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য বলেন। ওই চিকিৎসক প্রথমে নরমাল ডেলিভারি হওয়া সম্ভব বললেও পরবর্তীতে তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা মৃত বের করে আনেন। নরমাল ডেলিভারির কথা বলে তার স্ত্রীকে হাসপাতালে আটকে রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ডা. কানিজ নাসিমা আক্তার নামে একজন চিকিৎসককে এনে সিজারিয়ান অপারেশন করেন।
ফরহাদ হোসেন সাকিব বলেন, ‘মূলত ডা. সাদিয়া রহমানের চরম অবহেলা সৃষ্টির কারণে সিজারিয়ান অপারেশন করতে অনেক দেরী হওয়ায় আমার বাচ্চার মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অপারেশন সরঞ্জামের ব্যাবস্থা ছিল না এবং ডা. সাদিয়া রহমানের অপারেশনের কোন অভিজ্ঞতা ছিল না।’
এদিকে ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপক মো: বেলাল হোসেন জেলা সিভিল সার্জনকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, নবজাতকের মৃত্যুতে ডা. সাদিয়া রহমানের অবহেলার বিষয়টি স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে তথ্য প্রমাণসহ ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান হাসপাতালের ব্যবস্থাপক।
এ বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক ডা. সাদিয়া রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

















