অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা আইএফসির সাথে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।
এ সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশা পূরণে সবধরনের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে।
ফাওজুল কবির বলেন, অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে।
কাজের গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, গুণগত মান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডার দরপত্রে অংশগ্রহণ করতে পারবে।
এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএফসির কান্ট্রি ম্যানেজার বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে।
এছাড়াও আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে বলেন এবং রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্যান্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
বৈঠকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















