১৮৬ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম উসামা

1

মিরসরাই প্রতিনিধিঃ কোরআনের ৩০ পারা হিফজ প্রতিযোগিতায় মিরসরাই উপজেলার ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছে ১১ বছর বয়সী হাফেজ মোহাম্মদ উসামা। তার এই অর্জন উপলক্ষে শুক্রবার তাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের মিরসরাই সদরের মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা।

Advertisement

জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক। তিনি অনুষ্ঠান পরিচালনাও করেন। প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসামার বাবা ওমর ফারুক এবং সাংবাদিক আশরাফ উদ্দিন ও ইউসুফ। এ সময় বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রধান জানান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত থানা পর্যায়ের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৬ জন হাফেজ অংশ নেয়। মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার আট শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ধাপে কৃতিত্ব অর্জন করে। এর মধ্যে উসামা ৩০ পারা বিভাগে সবার সেরা হয়।

উসামার বাবা ওমর ফারুক বলেন, তিনি বাংলা শিক্ষিত হলেও আরবি জানেন না। ছেলেকে আরবি শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছিলেন। ছেলের অর্জিত কোরআনের শিক্ষা যেন তার জীবনে প্রতিফলিত হয়, সে জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

Advertisement