খুলশীতে প্রেমিককে অবরুদ্ধ করে প্রেমিকাকে গণধর্ষণ

66

চট্টগ্রাম নগরীর খুলশীস্থ টিকে গ্রুপের একটি পরিত্যক্ত বাসায় প্রেমিককে একটি কক্ষে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রজনতা। গণধর্ষণের শিকার তরুণীর বয়স ২৬।

Advertisement

গতকাল সোমবার রাত ৯টার দিকে খুলশী থানা থেকে ১০০ গজ দূরে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আবুল কালাম (২৮) নামে এক যুবককে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

জানা যায়, প্রেমিক-প্রেমিকা দুজনের বাড়ি কুমিল্লায়। তারা দুজনেই কুমিল্লা থেকে পালিয়ে বিয়ে করার জন্য চট্টগ্রামে এসেছিলেন বলে তানভীর নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান।

নির্যাতনের স্বীকার ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে বলেন, আমি আমার এক বন্ধুর সাথে চট্টগ্রামে বেড়াতে আসছিলাম। রাত হয়ে যাওয়াতে (কুমিল্লা) বাড়িতে ফিরতে পারিনি। কয়েকজন যুবকের সাথে পরিচয় হয়। তারা বলেন, রাতের বেলা স্টেশনে থাকলে ক্ষতি হতে পারে। আমাদের সাথে চলেন আমরা আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি।

ঐ কথা বলে আমাদের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার বন্ধুর হাত বেঁধে জোর করে আমাকে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, ‘খুলশীতে গণধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর বাবা-মা কুমিল্লা থেকে রওয়ানা দিয়েছেন। তারা আসলে মামলা হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement