তিন সপ্তাহ পর ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

122

হ্যাকড হওয়ার তিন সপ্তাহ পর ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

পোস্টে আজহারী লিখেছেন আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান তিনি। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

Advertisement