চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে বেশ উন্নতি হচ্ছে। ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে ক্রীড়াবিদদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। আমাদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে এর সদ্ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উপাচার্য নান্দনিক ক্যাম্পাসে, সুন্দর পরিবেশে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমকেও গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন। পরে চবি উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. সোনিয়া হক । অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলমও বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ তামান্ন মাহবুব ও স্বর্ণালী আক্তার ইমা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি পরিসংখ্যান প্রফেসর মোঃ ইমাম হোসেনকে ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ সুপ্তা দাসকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ফাতেমা আক্তার হিরামনির নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ সুপ্তা দাশ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

















