চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন।
তিনি বলেন, জ্ঞানচর্চার উচ্চতর বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আহরণের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অনস্বীকার্য। এ লক্ষ্যে দেহ ও মনের পরিপূর্ণ বিকাশে খেলাধুলার ভূমিকাকে স্বরণ করে চবি মাস্টারদা সূর্যসেন হল কতৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে আয়োজন করেছে, এজন্য হল কর্তৃপক্ষকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।
উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, লেখাপড়ায় সফলতা অর্জনের পাশাপাশি মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা খেলাধুলায় সাফল্য লাভ করার মাধ্যমে জীবনে নবতর অনুপ্রেরণা সৃষ্টি করবে। উপাচার্য সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের ক্রীড়া ও শরীরচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ অনামিকা চৌধুরী ও তাজিম ইবনে হাবিব। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর প্রফেসর ড. জরিন আখতার ও প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ ইব্রাহিম খলিলুল্লাহ সিয়ামকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষক ও দলের টীম ম্যানেজার প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। প্রতিযোগিতায় দলনেতার দায়িত্বপালন করেন আল ইমরান এবং হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোঃ সজিব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

















