বাংলাদেশের জেন-জি আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ভারতের তরুণেরা; গণতন্ত্র ও ভোটাধিকারের লড়াইয়ে দুই দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‘আমাদের পথ দেখানোর জন্য বাংলাদেশকে অভিনন্দন’, বললেন ভারতের তরুণ নেত্রী নেহা বোরা

23

আন্তর্জাতিক ডেস্ক | চট্টলা নিউজঃ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) জাতীয় সভাপতি নেহা বোরা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রশংসা করে তিনি বলেছেন, এ দেশের তরুণদের আন্দোলন ভারতের নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে।

Advertisement

সম্প্রতি বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা। সেখানে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাঁদের আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার কথা জানান।

ভিডিও বার্তায় নেহা বলেন, “আমরা আপনাদের প্রতি সংহতি জানাই। আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে শিক্ষা নিই।”

বাংলাদেশের জেন-জি আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।”

নেহার এই বক্তব্যে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের আন্তর্জাতিক প্রভাব এবং প্রতিবেশী দেশের তরুণদের মধ্যে এর অনুপ্রেরণামূলক ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তাঁর মতে, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে বাংলাদেশের তরুণদের যে আন্দোলন শুরু হয়েছিল, ভারতের তরুণেরাও এখন একই ধরনের অধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।

ভিডিও বার্তায় তিনি বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের সংগ্রামের মধ্যে মিল তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের তরুণ ও ছাত্রসংগঠনগুলোকে পারস্পরিক সংহতি জোরদার করার আহ্বান জানান। তাঁর আশা, বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে কাজ করে আরও উন্নত দক্ষিণ এশিয়া এবং সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবেন।

নেহা বোরার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ভারতে তরুণ ও ছাত্রদের বিভিন্ন আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। দেশটির নির্বাচনব্যবস্থা ও ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

ভারতের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরা বর্তমানে এআইএসএর জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষাব্যবস্থা এবং গণতান্ত্রিক অধিকারের বিভিন্ন দাবিতে তাঁকে আন্দোলনে সক্রিয় দেখা গেছে।

বাংলাদেশের আন্দোলন নিয়ে তাঁর বক্তব্য দুই দেশের ছাত্রসমাজের পারস্পরিক যোগাযোগ ও সংহতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে বাংলাদেশের জেন-জি আন্দোলনকে ভারতের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

Advertisement