চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়ার মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ গুণী শিক্ষকের মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বলেন, এ গুণী শিক্ষক ও গবেষক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক অঙ্গনে যে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
উল্লেখ্য, প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া আজ (৫ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুমের প্রথম জানাযা আজ বাদ জোহর চট্টগ্রাম শহরস্থ গরীবুল্লাহ শাহ (র:) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাযা আজ বাদ আছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে চবি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া মৃত্যুকালে তার স্ত্রী, তিন ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
















