শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ আয়ত্ব করা সম্ভব: চবি উপাচার্য

229

শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ আয়ত্ব করা সম্ভব। এছাড়াও শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।

Advertisement

আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্ল্যাহ তালুকদার ।

উপাচার্য তার বক্তব্যে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোর ও তাদের অভিভাবকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশক্তি অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগ্রত করা ও শৃংখলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে এ গুণগুলো অর্জন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যা শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর শরীর ও সুস্থ মন। একমাত্র খেলাধুলাই শিক্ষার্থীদের দেহ ও মনকে সুস্থ রাখতে পারে। ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়ম-নিষ্ঠা, শ্রম-সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। শিক্ষার্থীদের সুকোমল মনকে প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোন বিকল্প নেই।

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও চবি সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলী, চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জালাল ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা সরকার উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সাথে সাথে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় পতাকা, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কলেজ পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন কলেজের কৃতী ক্রীড়াবিদ মো. আরাফাত উদ্দিন। উপাচার্য বিচারকদের পক্ষে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং ক্রীড়াবিদদের পক্ষে মো. আরাফাত উদ্দিনকে শপথবাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সজীব রুদ্র ও শারমীন আক্তার তন্নি।

Advertisement