চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

207

চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

Advertisement

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে নগরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য এবং কোরবানির ত্যাগ কবুলের জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত মুসল্লিদের মধ্যে ঈদের আনন্দ ও আত্মত্যাগের মর্মবাণী ছড়িয়ে পড়ে।

প্রথম জামাতের এক ঘণ্টা পর, সকাল সাড়ে ৮টায় একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক। যারা প্রথম জামাতে অংশ নিতে পারেননি, তারা দ্বিতীয় জামাতে শরিক হয়ে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় নগরের বিভিন্ন প্রান্তে আরো ৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। এর বাইরে নগরের বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদ জামাত আয়োজন করেন।

Advertisement