জুলাই বিপ্লবে চবির প্রথম শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণসভা’ অনুষ্ঠিত

425

জুলাই বিপ্লবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ, পটুয়াখালীর কৃতী সন্তান শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (২৩ জুলাই ২০২৫) দুপুর ২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে। পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমাদেরকে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে। আমরা শিক্ষার্থীদের চাহিদা বুঝি, কিন্তু পর্যাপ্ত বরাদ্দের অভাবে অনেক সময় তা পূরণ করতে পারি না। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ হোসেন আমাদের পথিকৃৎ। পৃথিবীতে অনেক বিপ্লব বেহাত হওয়ার দৃষ্টান্ত আছে। প্রয়োজনে ছাত্র-জনতাকে আরেকবার মাঠে নামতে হবে, তবুও এ বিপ্লব বেহাত হতে দেওয়া যাবে না।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এমন একটি আয়োজন করার জন্য। হৃদয় তরুয়ারা ক্ষণজন্মা। তাদের সংখ্যা পৃথিবীতে কম। জুলাই বিপ্লবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদানের সাথে হৃদয় তরুয়া, ফরহাদের মতো ক্ষণজন্মাদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় -এর সভাপতি সাকিব মাহমুদ রুমীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাইয়ে নেতৃত্বদানকারী শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শহীদ হৃদয়ের ঘনিষ্ঠতম বন্ধুরা এবং অ্যাসোসিয়েশন-এর সাবেক সভাপতি ওয়াহিদ জামান তন্ময়সহ সংগঠনের বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রত্যেকেই হৃদয় চন্দ্র তরুয়ার ব্যাপারে স্মৃতিচারণ করেন। বক্তারা তরুয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হন এবং জুলাইয়ে যে আকাঙ্ক্ষায় শহীদেরা রক্ত দিয়েছেন, তা ধারণ করার ব্যাপারে সকলকে আহ্বান জানান।

Advertisement