সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সৈয়দ মোঃ ফোরকান আবু’র ছেলে আমিরুল ইসলাম ইলহাম (১৩) কোচিং সেন্টারে যাওয়ার সময় টমটম চালকের সহায়তায় অপহরণের চেষ্টা করেছে অপহরণকারী। তাকে আটকে রাখার ৫ ঘণ্টা পর কৌশলে অপহরণকারীর চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে যান।
শনিবার সকাল সাড়ে আটটার সময় চট্টগ্রামের বাকলিয়া এক্সেস সড়ক সংলগ্ন এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরনের শিকার আমিরুল ইসলাম ইলহাম চট্টগ্রাম সরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ ফোরকান আবু জানান, সকাল সাড়ে আটটায় কোচিং সেন্টারে যেতে ঘর থেকে বের হয় ইলহাম। সে বাকলিয়া এক্সেস সড়কের সামনে থেকে টমটমে উঠে। টমটমটি কিছুদূর যাওয়ার পর চালকের সহায়তায় ভেতরে থাকা মধ্যবয়সী অপহরণকারী ইলহামের চোখ-মুখ বেঁধে উঠিয়ে নিয়ে যায়। দুপুর দেড়টার সময় অপহরণকারীরা তাকে একটি মুঠোফোনের দোকানে নিয়ে যান। পরে তারা ইলহামকে অপহরণের কথা জানিয়ে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা চাওয়ার সিদ্ধান্ত নেন। অপহরণকারীদের কথার ফাঁকে ইলহাম কৌশলে দোকান থেকে দৌড়ে পালিয়ে যান। পরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে বাসার সামনে চলে আসে।
এব্যাপারে বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.আবদুল কাদের জানান, তিনি অপহরণের চেষ্টার শিকার হওয়া ওই ছাত্রের বাসায় গিয়ে তার সাথে কথা বলেছেন। অপহরণের সাথে জড়িতদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
















