আবাসিক হলে মাদকের বিস্তৃতিতে চবি ছাত্রশিবিরের উদ্বেগ

259

গতকাল (২৩ অক্টোবর, ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযানে দুইটি কক্ষ থেকে মদ,গাঁজাসহ অসংখ্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একটি কক্ষে সরাসরি মাদকদ্রব্য না পেলেও মাদক সেবনের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী এবং সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জ্ঞানার্জনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। যেখানে মাদকের অস্তিত্ব শিক্ষার জন্য হুমকি সেখানে আবাসিক হলে শিক্ষার্থীদের মাদক সেবনের আয়োজন আমাদের ছাত্রসমাজের জন্য গভীর উদ্বেগের। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশে এমন ঘটনার সাক্ষী হওয়া আমাদের জন্য বিব্রতকরও বটে। আমরা চাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে অভিযুক্তরা ছাত্রদল কর্মী। ছাত্রদল কিংবা অন্য যেকোন মদদপুষ্ট হোক না কেন, যারাই মাদকের বিস্তৃতির মাধ্যমে শিক্ষার্থীদের পথভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনের লক্ষ্য পূরণে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে বলে আমরা আশাবাদী।”

Advertisement