জেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলা সম্পন্ন

110

মহান বিজয় দিবস–-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবি’র শিরীষ তলায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বিজয় মেলা ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে শেষ হয়েছে। গত ১৪ ডিসেম্বর রোববার মেলার উদ্বোধন করা হয়।

Advertisement

সমাপনী অনুষ্ঠানে বিজয় মেলার মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় একক সংগীত, দলীয় নৃত্য এবং অতিথি শিল্পীরা মুক্তিযুদ্ধভিত্তিক একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন।

বিজয় মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে, আবৃত্তিকার ফারুক তাহের ও শ্রাবনী দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় মঞ্চে ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয় মেলায় আগত স্টল মালিক ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে ছিল নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা। ১৬ ডিসেম্বর মেলার সমাপনী দিনে সিআরবি ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সিআরবি শিরীষ তলায় আগত দর্শনার্থীদের তিল ধারণের ঠাঁই ছিলনা।

বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় দিবস গোটা জাতির জন্য মর্যাদা ও সম্মানের। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ছিল। এ বছর বিজয় মেলা উদযাপনের জন্য প্রথম বারের মত প্রাকৃতিক পরিবেশ ও গাছের ছায়া শীতল পরিবেশ বেষ্টিত সিআরবি শিরীষতলাকে মেলার ভেন্যু হিসেবে নেয়া হয়েছে। এ মেলা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।

Advertisement