অসহায় মানুষ, কোভিড-১৯ রোগীর স্বজন ও বন্ধুদের পাশে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

462

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরা কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কোভিড-১৯ এর ভয়াবহতায় বিভিন্ন মানবিক কার্যক্রম চলমান রয়েছে। দুর্যোগ কালীন এই সময়ে পবিত্র ঈদ ঊল আজহা উদযাপন করতে গিয়ে বৃহস্পতিবার (২২ জুলাই) ঈদের ২য় দিন করোনার প্রভাবে অর্থনৈতিক দুরবস্থায় কোরবানী করতে না পারা (ব্যাচমেট সদস্য) ঢাকার প্রায় ৩৫টি পরিবারের মাঝে কোরবানী মাংস বিতরণ করা হয় এবং ঢাকার বাহিরের প্রায় ৩০টি পরিবারের জন্য নগদ অর্থ প্রেরণ করা হয়।

Advertisement

একইদিন সন্ধ্যায় ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াস থেকে DNCC ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের রোগীর স্বজনদের মাঝে ৬০০ প্যাকেট খাবার ও সড়কের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এই সময় জনসচেতনতা তৈরির প্রয়াসে মাস্কও বিতরণ করা হয়। খাবার হিসাবে গরুর মাংসের তেহেরী, খাসির মাংসের কাচ্ছি ও পানি বিতরণ করা হয়।

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।

চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়ে আসছে। প্রতিদিন প্রায় তিন থেকে ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হয়েছে।

চলমান প্রোগ্রাম গুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হয়ে আসছে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৫ মে থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।

খাবার বিতরণ কার্যক্রমের পাশাপাশি “আমরাই কিংবদন্তী অক্সিজেন ব্যাংক” এর কার্যক্রম বর্তমানে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচমেট ও তাদের পরিবারের সদস্যদের জন্য চলমান থাকলে ও শীগ্রই এর কার্যক্রম আরো সম্প্রসারিত ও সকলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪১০০০ হাজার।

Advertisement