হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ সনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় “টিম চতুষ্কোণ” চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে, তাদের প্রকল্পটি এসডিজি ১২, ১৩ এবং ১৫-এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং “টিম দ্য অপটিমিস্টিক” ১ম রানার-আপ স্থান অর্জন করেছে, যেখানে তাদের প্রকল্পটি এসডিজি ৯, ১২ ও ১৩-এর সঙ্গে ;অন্যদিকে “টিম মৌমাছি ” ২য় রানার-আপ হয়েছে, যাদের প্রকল্পটি এসডিজি ১২, ১৩ ও ১৪-কে কেন্দ্র করে।
অনুষ্ঠানটি ২২ জানুয়ারি সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আয়োজনটির সূচনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্ভাবন, সামাজিক প্রভাব এবং তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানার নেতৃত্বে। কারিন সাফফানার বক্তব্য মতে, “হাল্টপ্রাইজ শুধু একটি কম্পিটিশন না, এটি একটি সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যেটি শিক্ষার্থীদের মাঝে নতুন চিন্তার উদ্ভব করে। ” চিফ অফ স্টাফের মতে,”হাল্ট প্রাইজ হচ্ছে সকলের মিলন মেলা, যেটি সাংগঠনিক সদস্যদের একসাথে একত্র করে।”
এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেছেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড চট্টগ্রাম জোনের আর্থিক প্রতিষ্ঠান বিক্রয় বিভাগের প্রধান আরিফ ইফতেখার এবং এন. মোহাম্মদ গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ফারমান তোয়ুব। বিচারকরা অংশগ্রহণকারী দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা এবং বাস্তবায়নযোগ্যতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেন।
চূড়ান্ত পর্বে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো টিম আবরণ, টিম দ্য ইনোভেটরস্, টিম ট্রিও গ্রাইন্ড, টিম মৌমাছি, টিম চতুষ্কোণ এবং টিম দ্য অপটিমিস্টিক। প্রতিযোগিতায় তাদের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেছেন অভিজ্ঞ মেন্টররা। টিম আবরণ এর মেন্টর হিসেবে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সম্পদ ও খুচরা ব্যাংকিং বিভাগের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েট এবং বিজমাস্ট্রোস ২০২৩ এর চ্যাম্পিয়ন শুভাশিস চক্রবর্তী। টিম দ্য ইনোভেটরস্ এর মেন্টর ছিলেন ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের মেন্টর তাসমিম হোসাইন তুবা।
টিম ট্রিও গ্রাইন্ড এর মেন্টর হিসেবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কাস্টমার ডেভেলপমেন্ট ট্রেইনি এবং কোড গ্রিন আফগানিস্তানের প্রধান বিপণন কর্মকর্তা মাশরুর আহমেদ, যিনি হাউস অব ভেঞ্চার স্টার্টআপ ইনকিউবেটর প্রতিযোগিতার বিজয়ী এবং রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব ও শিক্ষার্থী গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত।
টিম মৌমাছি এর মেন্টর ছিলেন লেটস্ গেট মুভিং কানাডার সেলস কনসালট্যান্ট তাসনিম এইচ চৌধুরী, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ, এপিটোম ৩.০ এবং পোম্যাক ৫.০-এর চ্যাম্পিয়ন।
টিম চতুষ্কোণের মেন্টর হিসেবে ছিলেন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডের সোর্সিং অ্যানালিস্ট মোঃ শিহাবুজ্জামান।
টিম দ্য অপটিমিস্টিক এর মেন্টর ছিলেন টার্টল ভেঞ্চারের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক, মেকানিক কই এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বেস্ট এইড লিমিটেডের সিএসআই আলভি রহমান।
হাল্ট প্রাইজ প্রতি বছর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৈশ্বিক থিম উপস্থাপন করে। ২০২৫–২৬ সনের থিম ছিল “আনলিমিটেড”, যা আন্তঃসংযুক্ত বৈশ্বিক সমস্যাগুলোর উদ্ভাবনী ও নতুন সম্ভাবনা অনুসন্ধানে অনুপ্রাণিত করে।
















