চবি উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

115

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) বেলা ১২.৩০টায় উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

Advertisement

মাননীয় উপাচার্য শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল জায়গায় পরিণত হোক। শিক্ষার্থীবান্ধব সকল কাজে এবং ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়নে তোমাদের সহযোগিতা লাগবে। উপস্থিত সবাইকে মাননীয় উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে মাননীয় উপাচার্যকে অবহিত করেন। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা, আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাবসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতৃবৃন্দ। মাননীয় উপাচার্য অতিদ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যােগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

Advertisement