নুরুল আলম নুরুর আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: ডা. শাহাদাত

79

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, উত্তর জেলা ছাত্রদল নেতা শহীদ নুরুল আলম নুরু ছিলেন রাজপথের এক নির্ভীক সৈনিক। তাকে যেভাবে ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার কাজ থমকে ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। নুরুর আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

Advertisement

বৃহস্পতিবার বাদে আসর বাটালি হিল বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ নুরুল আলম নুরুর ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শহীদ নুরুল আলম নুরু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও নৃশংস হত্যাকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ২০১৭ সালের ২৯ মার্চ রাতে চট্টগ্রাম নগরীর চকবাজারের বাসা থেকে সাদা পোশাকে একদল লোক নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যায়। অপহরণের পর তাকে রাউজান উপজেলার নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৩টা পর্যন্ত তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। এসময় তার চোখ মুখ কাপড় দিয়ে এবং দুহাত নাইলনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। নির্যাতনের এক পর্যায়ে তাকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা মরদেহ গুম করার উদ্দেশ্যে বাগওয়ান ইউনিয়নের খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে ফেলে রেখে যায়।

তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি অনতিবিলম্বে নুরু হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই ‘সাদা পোশাকধারী’ ব্যক্তি ও নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দোয়া মাহফিলে শহীদ নুরুল আলম নুরুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মো. মুজিবুল হক, বিএনপি নেতা এম আই চৌধুরী মামুন, আলহাজ্ব জাকির হোসেন, এটিএম ফরিদ, দিদারুল ইসলাম, নাজমুল ফিরোজ, সাবেক ছাত্রদল নেতা শাহীন হায়াত, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement