উপাচার্যের সঙ্গে শাটল ট্রেনের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে করণীয় সম্পর্কে চাকসুর মতবিনিময়

143

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় উপাচার্য দপ্তরে শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ এবং করণীয় সম্পর্কে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

Advertisement

মতবিনিময় সভায় চাকসুর প্রতিনিধিবৃন্দ নতুন একটি ট্রেন, ট্রেনের দ্বৈত লাইন, শিডিউল বিপর্যয় বন্ধ করা, নিরাপত্তাকর্মী নিয়োগ এবং বগি বৃদ্ধিসহ ১১টি বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় মাননীয় উপাচার্য শাটলের সমস্যাসমূহ সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরমধ্যে দ্রুত সময়ের মধ্যে বগি বৃদ্ধির বিষয়ে রেলওয়েকে চিঠি প্রদানের নির্দেশনা দেন মাননীয় উপাচার্য। অন্যান্য সমস্যাসমূহ সমাধানে দ্রুত সময়ের মধ্যে রেলওয়ের সাথে মতবিনিময় সভা করবেন বলেও জানান তিনি। মাননীয় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। তারা অতি শীঘ্রই বিদ্যামান ছোটখাটো সমস্যাগুলো সমাধান করবেন বলে জানিয়েছেন। আর কিছু বিষয় সমাধান করতে দীর্ঘমেয়াদী সময় লাগবে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি। শিক্ষার্থীদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। মাননীয় উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ প্রতিনিধিবৃন্দ।

Advertisement