নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এই বক্তব্যকে ‘মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, অনভিপ্রেত এবং অসংসদীয়’ বলে অভিহিত করেছে।
গতকাল এক যৌথ বিবৃতিতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলামসহ ৭০ জন সদস্য এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারবে না”- ফজলুর রহমানের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা তাদের আদর্শ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলে (আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামায়াতে ইসলামী ইত্যাদি) যোগ দিয়েছেন, যা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার নিয়ে প্রশ্ন তোলা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল।
তারা আরও উল্লেখ করেন যে, সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক আদর্শ নিয়ে ফজলুর রহমান যে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা সম্পূর্ণ অসংসদীয়। এ ধরনের বক্তব্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং বিভেদ সৃষ্টি করে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালীন ফজলুর রহমান মন্তব্য করেছিলেন যে, মুক্তিযোদ্ধা পরিবারের কারো জামায়াত করা একটি “ডাবল অপরাধ” এবং মুক্তিযোদ্ধা ও রাজাকারদের কখনো এক করা যাবে না। তার এই বক্তব্যকে কেন্দ্র করেই দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
















