এনসিএল খেলে ফেরার পথে রাজশাহী দলের ৮ লাগেজ উধাও, থানায় অভিযোগ

22

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ৮টি লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব লাগেজে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত জিনিসপত্র ও সরঞ্জাম হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্রিকেটাররা।

Advertisement

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি কাভার্ডভ্যানে করে দলটির মোট ৫৪টি লাগেজ রাজশাহী পাঠানো হচ্ছিল। পথিমধ্যে নাটোরের একটি এলাকায় যাত্রাবিরতির পর রাজশাহীতে গাড়ি পৌঁছালে ভ্যানের পেছনের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে রাজশাহীর হোটেলে পৌঁছে ৮টি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হন দলটির সদস্যরা।

​খোয়া যাওয়া এসব লাগেজের মধ্যে এক ক্রিকেটারের আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার ও ৩ লাখ টাকা নগদ ছিল বলে জানা গেছে। এছাড়া অন্যান্যদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জামও ছিল এর মধ্যে।

পুলিশের তৎপরতা ও আইনি পদক্ষেপ: এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং হারিয়ে যাওয়া লাগেজগুলো উদ্ধার করতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। পাশাপাশি বিসিবির নিরাপত্তা বিভাগও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

​আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচ রয়েছে রাজশাহীর। মাঠের লড়াইয়ের ঠিক আগে এমন আকস্মিক ঘটনায় দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement