আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সম্প্রতি মদুনাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ৭ মে ২০২৬ একটি শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে। এ ভিজিটে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আধুনিক পানি শোধন ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ লাভ করেন।
প্লান্ট পরিদর্শনের শুরুতে কর্তৃপক্ষের আয়োজনে একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যপ্রণালী, পানি পরিশোধনের বিভিন্ন ধাপ, নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রকৌশল জীবনে এ ধরনের শিল্প পরিদর্শনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনার শেষে শিক্ষার্থীরা প্ল্যান্টের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তারা অপরিশোধিত পানি সংগ্রহ, পরিশোধন, রাসায়নিক প্রয়োগ, ফিল্টারিং, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি ধাপের কার্যক্রম হাতে-কলমে ব্যাখ্যা করেন, যা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করে।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট তাদের পাঠ্যবিষয়ের বাস্তব প্রয়োগ বুঝতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ও শিল্পক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফরের আয়োজন অব্যাহত থাকবে।

















