ক্যাম্পাস ছেড়ে সড়কে চুয়েট শিক্ষার্থীরা, কাপ্তাই সড়ক অবরোধ

34

মোঃ তৌহিদুল ইসলাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে এবার ক্যাম্পাস ছেড়ে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

Advertisement

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

যেভাবে শুরু চুয়েটের সংকট

চুয়েটের বর্তমান অচলাবস্থার সূত্রপাত উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁরা সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান। একপর্যায়ে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যুক্ত হন। প্রশাসনিক ভবনে তালা দেওয়া এবং ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার মতো কর্মসূচিও পালন করা হয়।

পরিস্থিতির একপর্যায়ে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তিনি ক্যাম্পাস ছাড়েন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

৩৬ দিনের শাটডাউন, পরে ক্লাসে ফেরা

উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে ক্লাস-পরীক্ষা চালু হলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান হয়নি। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালা খোলা না হওয়ায় দাপ্তরিক কার্যক্রমেও অচলাবস্থা থেকে যায়।

দীর্ঘদিনেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন জোরদার করেন। গত ২৫ নভেম্বর রাতে শিক্ষার্থীদের এক সভা থেকে ২৬ নভেম্বর থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

ক্যাম্পাসের বাইরে আন্দোলন, এরপর সড়ক অবরোধ

নতুন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের অচলাবস্থায় তাঁদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও জ্বালানির সংকটের পাশাপাশি গবেষণা সহকারীদের বেতন বন্ধ থাকার বিষয়টিও সামনে এসেছে। তাঁরা দ্রুত উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানান।

এর ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর কাপ্তাই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেলে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সরকারের উচ্চপর্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত প্রশাসনিক সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে, দীর্ঘস্থায়ী এ অচলাবস্থায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement