পিভিএইচপি প্রকল্পের কর্মশালায় চট্টগ্রাম জেলা প্রশাসক

শিশু ও নারীদেরকে সহিংসতা থেকে রক্ষায় সামাজিক আন্দোলন জরুরী

47

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ও চট্টগ্রাম নগরীর বাকলিয়াসহ দেশের বিভিন্নস্থানে শিশু ধর্ষণের কয়েকটি ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমাদের সন্তানেরা কিভাবে নরপশু হলো, কা-কে দেখে হলো, কেন আমাদের মা-বোনেরা নিরাপদ নয়-বিষয়গুলো প্রত্যেকের ভেবে দেখা দরকার। আজকে রহিম-করিমের (ছদ্মনাম) সন্তান আহত হচ্ছে, কালকে আমাদের সন্তান আহত হবে-এটা আর হতে দেব না। যেখানে এ ধরণের ঘটনা ঘটবে সেখানেই প্রতিরোধ করা হবে। এখন থেকে শিশু ও নারীদেরকে সহিংসতা থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন জরুরী।

Advertisement

আজ ২৩ মে শনিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশে শিশু ও নারীদের প্রতি সহিংসতা এবং ক্ষতিকর প্রথা প্রতিরোধ’-বিষয়ক পিভিএইচপি প্রকল্পের জেলা পর্যায়ের ইনসেপশন কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মশালার আয়োজন করেন।

ডিসি বলেন, শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলো যেভাবে ভাইরাল হচ্ছে সেগুলো দেখে আমাদের সন্তানেরা আজ হতাশ। এ ধরণের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করি না। বিবেকের কাছে পরাজিত না হয়ে আমরা নিরাপদ রাষ্ট্র গড়তে চাই, নারী-শিশুদেরকে সুরক্ষিত রাখতে চাই। কর্মকর্তাদের উপর নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে বা সকলে আত্মশুদ্ধ হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটবে।

কর্মশালায় অন্যান্য ঊক্তারা বলেন, ইদানিং শিশুদের ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মত ঘটনা আমরা সহ্য করতে পারি না। শিশু ও নারী নির্যাতনের মত ঘটনাগুলো যেভাবে ভাইরাল হচ্ছে তা দেখে আমাদের সন্তানেরা হতাশ। তাদের সুরক্ষায় এগিয়ে আসার পাশাপাশি জনসচেতনা খুবই জরুরী। সন্তানের প্রতি পিতা-মাতাকে আরও দায়িত্ববান হতে হবে, তাদেরকে নীতি-নৈতিকতা শিখাতে হবে। শিশু সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদের নিরাপত্তা ও অধিকারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সকল ধরণের সহিংসতা, শোষণ, অপব্যবহার ও অবহেলা থেকে শিশু-নারীদেরকে রক্ষা করা এবং এ ধরণের ঘটনা ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘শিশু ও নারী সুরক্ষা এবং এর মূলনীতি’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পিভিএইচপি প্রকল্পের প্ল্যানিং কর্মকর্তা মোঃ আবু সালেহ।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন (আনোয়ারা), ফারহানুর রহমান (পটিয়া), মোঃ আবদুর রহমান (চন্দনাইশ), সজীব কান্তি রুদ্র (কর্ণফুলী), ফখরুল ইসলাম (সীতাকুন্ড), মোঃ নাজমুল হাসান (রাঙ্গুনিয়া), খোন্দকার মাহমুদুল হাসান (সাতকানিয়া), মেহেদী হাসান ফারুক (বোয়ালখালী), সাঈদ মোঃ ইব্রাহিম (ফটিকছড়ি), এসএম রাহাতুল ইসলাম (রাউজান), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা পুলিশ পরিদর্শক কবির হোসেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মং মার্মা, আন্দরকিল্লা জামে মসজিদের পেশ ঈমাম মুফতি এহসানুল হক জিলানী, ব্র্যাক’র রিজিওনাল ম্যানেজার হামিদুল হক প্রমূখ।

বিভিন্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী ও স্টেকহোল্ডারগণ কর্মশালায় অংশ নেন।

Advertisement