চিটাগাং চেম্বারের শীর্ষ নেতৃত্বে আমিরুল, আমজাদ ও স্বপন

23

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।

Advertisement

সোমবার (২৫ মে) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করেন। তিনি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও এই প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন।

আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়।

সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর ছোট ভাই।

সহ-সভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবনির্বাচিত সভাপতি আমিরুল হক বলেন, দায়িত্ব পালনকালে মর্যাদা ও স্বচ্ছতা বজায় রেখেই চেম্বার পরিচালনা করতে চাই। আমার নীতি হবে, দল হবে যার যার, চেম্বার হবে সবার।

আত্মীয়স্বজনের পরিচয়কে সামনে আনতে চান না উল্লেখ করে চেম্বার সভাপতি আরও বলেন, আমার একজন ফার্স্ট কাজিন এখানে আছেন, কিন্তু আমি কারও পরিচয় দেবো না। যতক্ষণ আমি ডিগনিটির সঙ্গে চেয়ার চালাতে পারবো, ততক্ষণ থাকবো। যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো।

তরুণ উদ্যোক্তা ও নারীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠনের কথাও জানান তিনি। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, আইটি ছাড়া বাংলাদেশ চলবে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। শুধু বস্তা বস্তা কাগজ বানিয়ে লাভ হবে না।

তিনি বলেন, কোনো সমালোচনা থাকলে তা প্রকাশ্যে না এনে সরাসরি তাকে জানাতে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবার কাছে থাকবে। আপনারা ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন।

চট্টগ্রামের শিল্পখাতের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন নবনির্বাচিত সভাপতি। তিনি জানান, একসময় চট্টগ্রামে ৬৫০টি গার্মেন্টস কারখানা থাকলেও বর্তমানে তা কমে ২৫০টিতে নেমে এসেছে। শিপ ব্রেকিং শিল্প পরিবেশগত অজুহাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে অর্থনীতি চলবে কীভাবে?

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে আমিরুল হক বলেন, আমার দর্শন হলো, একজন ব্যবসায়ীর রাজনীতিতে যাওয়া উচিত নয়। তবে চেম্বারে এসে সবাইকে এক পরিচয়ের বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এখানে আসার পর সবাই এই চেম্বারের মানুষ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement