চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আগামী এক বছরের জন্যে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রাব্বানী স্বাক্ষারিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘আমি সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগপ্রত্যাশী ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি এর সর্বোচ্চ প্রতিদান দেব। আমার দলের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
একইসঙ্গে তিনি চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সকল উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপিজেলা সন্দ্বীপে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।

















