চসিকের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

45

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নামে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিম পাশে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) মেয়রের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।

চসিক সূত্রে জানা যায়, স্থানীয় জেলেদের অনুরোধে চলতি বছর রানী রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি। একই সঙ্গে ঘাট থেকে খাস আদায়ের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। তবে একটি চক্র সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে সেখানে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়দের মানববন্ধনের পর বিষয়টি আমলে নেয় সিটি কর্পোরেশন।

অভিযানে ঘাট এলাকায় অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিসসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে, এসব স্থাপনা ব্যবহার করে একটি চক্র ঘাটের কার্যক্রম নিয়ন্ত্রণ করছিল এবং বিভিন্নভাবে অর্থ আদায় করছিল।

এ ছাড়া সিটি কর্পোরেশনের নামে টাঙানো অবৈধ ব্যানার অপসারণ করা হয়। দোকান নির্মাণের উদ্দেশ্যে তৈরি করা অবৈধ কাঠামো ও ভিত্তিও ভেঙে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২১৮টি বাঁশ, ২০টি ছোট টিনের শিট, ২০টি টিন, একটি টেবিল, চারটি চেয়ার, একটি ফ্যানসহ বিভিন্ন মালামাল।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ঘাট কাউকে ইজারা দেয়নি। তাই কর্পোরেশনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থ আদায়ের সুযোগ নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতে আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে রানী রাসমণি ঘাটের ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সিটি কর্পোরেশন।

Advertisement