নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার সকাল থেকে মেয়র চট্টগ্রাম বোট ক্লাব হতে এয়ারপোর্ট রোড এবং টানেল এর মুখ পর্যন্ত রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর ইপিজেড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সড়ক, টাইগারপাস, লালখানবাজার, অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্ত্বরসহ বিভিন্ন এলাকার সড়কগুলো পরিদর্শন করেন তিনি।
এসময় মেয়রের সাথে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং সমাধানের বিষয়ে আলোচনা করেন।
মেয়র কর্মকর্তাদের সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন। একই সঙ্গে যেসব এলাকায় সড়কের মিডিয়ানে রেলিং নেই, সেসব স্থানে দ্রুত রেলিং স্থাপনের নির্দেশ দেন তিনি। যেসব সড়কের রং উঠে গেছে, সেসব স্থানে দ্রুত নতুন করে রং করারও নির্দেশ দেন মেয়র।
এছাড়া এয়ারপোর্ট রোড থেকে মোহরা পর্যন্ত যেসব সড়কের মিড আইল্যান্ডে এখনো গাছ লাগানো হয়নি, সেসব স্থানে দ্রুত দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশ দেন তিনি। ইতোমধ্যে যেসব স্থানে গাছ লাগানো হয়েছে, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মেয়র। পাশাপাশি নগরীর কোথাও স্ল্যাব ও রেলিং না থাকলে সেসব স্থানে দ্রুত স্ল্যাব ও রেলিং স্থাপনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইন এলাকার সড়ক উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রকল্পটির আওতায় প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের সড়কে লোড বেয়ারিং স্ল্যাবসহ নতুন করে ড্রেন নির্মাণে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় করছে চসিক।
উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন পরিকল্পনা শুধু প্রধান সড়ককে ঘিরে নয়, নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় সড়ক ও ড্রেনেজ সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে টেকসই সড়ক নির্মাণের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। সড়ক উন্নয়নের সঙ্গে পানি নিষ্কাশনের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একদিকে মানুষের চলাচলের দুর্ভোগ কমবে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে।
মেয়র আরও বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চসিকের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নকাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
পুরাতন উর্দু লেইন এলাকার দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ সমস্যা সমাধানে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে।
উদ্বোধন অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

















