মহালয়া অনুষ্ঠানে গোলাম আকবর খোন্দকার

‘বিএনপি বিশ্বাস করে এদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে’

3

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল দর্শন।

Advertisement

তিনি আজ শনিবার সন্ধ্যায় দুর্গাপূজার আগমনী উপলক্ষে শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ ও মাতৃ পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে নগরীর আসকার দিঘীর পাড় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত মহালয়া উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রনি পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মহালয়া উৎসবে শুভ উদ্বোধক হিসেবে সীতাকুন্ড শংকর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, প্রধান বক্তা হিসেবে শারদাঞ্জলী ফোরাম, চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে রাউজান উপজেলায বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, বাবু মিলন শর্মা কারা পরিদর্শক উজ্জ্বল বরন বিশ্বাস, শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা যাজক কমলেন্দু শীল
উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর এম রানা পরিষদের সাধারণ সম্পাদক সৈকত রায়, আহ্বায়ক শিউলি দাস, বিজয় দাস রিকি, তপন কুমার দে, প্রীতম সরকার প্রমূখ নেতৃবৃন্দ।

গোলাম আকবর খন্দকার আরো বলেন, আজ আপনাদের এই মহালয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বিএনপির পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই – সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি আপনাদের পাশে আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা-কর্মী আপনাদের পাশে পাহারাদার হিসেবে থাকবে। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবো।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অহংকার। কেউ যদি এই সম্প্রীতি নষ্ট করতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করবো। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, এই দেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে, সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় নির্দেশ দিয়েছেন – সংখ্যালঘু বলে এই দেশে কোনো শব্দ থাকবে না, আমরা সবাই বাংলাদেশি।

পরিশেষে তিনি বলেন, এই পবিত্র মহালয়া তিথিতে মা দুর্গার কাছে প্রার্থনা করি – মা যেন তার আশীর্বাদে আমাদের সমাজ থেকে সকল হানাহানি, হিংসা-বিদ্বেষ দূর করে দেন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন আরও অটুট করে দেন। আপনাদের সকলের পূজা সুন্দর ও নিরাপদ হোক।

Advertisement