বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদ্যমান সদরদপ্তর, খিলগাঁও পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি। পরিদর্শনকালে তিনি বাহিনীর চলমান সংস্কার, সাংগঠনিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে ‘অগ্রযাত্রা ভবন’ উদ্বোধনের পাশাপাশি তিনটি বিশেষ উদ্যোগেরও উদ্বোধন করা হয়।
সকাল ১১টা ১৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী খিলগাঁওস্থ সদরদপ্তরে উপস্থিত হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণের পর তিনি সদরদপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর সদরদপ্তরের কনফারেন্স রুমে বাহিনীর চলমান সংস্কার কর্মসূচি, সাংগঠনিক উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে একটি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর বর্তমান সাংগঠনিক কাঠামো, জননিরাপত্তা ও জনসেবায় সদস্যদের ভূমিকা এবং পরিবর্তিত সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা বৃদ্ধির ভবিষ্যৎ পরিকল্পনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
সকাল ১১টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’ উদ্বোধন করেন। আধুনিক ও সমন্বিত কর্মপরিবেশসমৃদ্ধ এই ভবনটি বাহিনীর প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রান্তিক সংযোগ পরিষেবা, প্রান্তিক শক্তি এবং ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার, এই তিনটি বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন। এসব উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া এবং বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’-এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রম, চলমান সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই পরিদর্শন, নতুন উদ্যোগগুলোর উদ্বোধন এবং তাঁর মূল্যবান বক্তব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক, সমন্বিত ও জনমুখী বাহিনী হিসেবে গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।
















