বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডে আবাসিক দূতাবাসের কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে নতুন একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি হলো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস ব্রিজের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি কার্যালয় থেকে নতুন মিশনের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
আয়ারল্যান্ডে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম বৃহস্পতিবার মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি যথাসময়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। নতুন মিশনটি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে।
দূতাবাসটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পৃক্ততা আরও সুদৃঢ় করতেও কাজ করবে। বর্তমানে দেশটিতে আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নতুন দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিক ও অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনস্যুলার সেবা চালু করা হবে। এসব সেবা চালুর তারিখ, আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে সরকারি মাধ্যমে জানানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর হবে বলে সরকার প্রত্যাশা করছে।















