যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হলে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ পদক্ষেপ নিতে হবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা না থাকলে ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন।
ভ্যান্স জানান, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন আগ্রহী। তবে শুধু কথার বিনিময়ে নয়, বরং ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ ও ছাড় প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে দেশটির ক্ষমতাকাঠামোয় তারা কতটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন, তা নিয়ে ওয়াশিংটনের অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন ভ্যান্স।

















