যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

18

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Mother of Democracy Begum Khaleda Zia Way)।

Advertisement

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) শিকাগো শহরের বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে আয়োজিত অনুষ্ঠানে নামফলকটি উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির সম্মানসূচক নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এ প্রস্তাব উত্থাপন করেন।

নামকরণের জন্য নির্ধারিত সড়কটি হলো আপার ওয়াকার ড্রাইভের (Upper Wacker Drive) একটি অংশ। এটি ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এবং শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা উইলিস টাওয়ারের কাছে অবস্থিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে দেখিয়েছেন, ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যবোধ দীর্ঘস্থায়ী। বাংলাদেশের বহু মানুষ তাঁকে ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণ করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একটি শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়।

নামকরণের পেছনে যে কারণ

সড়কটির নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক অবস্থান এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদান তুলে ধরা হয়েছে।

১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও নাগরিকদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।

এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর সরকারের নেওয়া উদ্যোগ, বিশেষ করে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়টিও নামকরণের প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।

উইলিস টাওয়ারের পাশে আরেক বাংলাদেশির নাম

সড়কটির বিশেষ তাৎপর্য হলো, এটি শিকাগোর বিশ্বখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত।

ফলে একই এলাকায় বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব- প্রকৌশলী ফজলুর রহমান খান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম যুক্ত হওয়াকে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নাম ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ রাখা হয়েছিল।

Advertisement