শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে ক্ষমতা প্রদর্শনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিও জানান তাঁরা।
আজ ৭ অক্টোবর(বুধবার) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা বলেন, চুয়েটে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়ে আসছে। তবে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বেতন-ভাতা আটকে যাওয়ায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তিতে পড়েন। তাঁদের অভিযোগ, বেতন আটকে রাখার মাধ্যমে নতুন উপাচার্য ক্ষমতার প্রভাব দেখিয়েছেন।
এদিকে বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখার সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় দুই ঘণ্টা পর দুপুর একটার দিকে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এত দিন যে নিয়মে তাঁদের বেতন দেওয়া হয়েছে, হঠাৎ সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বেতন আটকে রাখা হয়েছে। আমরা এটিকে ক্ষমতা প্রদর্শনের একটি চেষ্টা হিসেবে দেখছি। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে কিংবা শিক্ষক-কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘এভাবে আমাদের দাবি থেকে সরানো যাবে না। আমরা অধ্যাপক সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল চাই। দ্রুত চলমান সমস্যার সমাধান করে চুয়েটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় সরকার। এর পর থেকেই সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে একই দাবিতে কর্মবিরতিতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
টানা ১৬ দিন ধরে চলা এই আন্দোলনের কারণে চুয়েটে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
















