বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক

28

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছয় শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।

Advertisement

গত বছর চুয়েটের চার শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছিলেন। এবার নতুন করে আরও দুই অধ্যাপক এতে যুক্ত হয়েছেন। তালিকায় পদার্থবিজ্ঞান বিভাগের ৩ জন, রসায়ন বিভাগের ১ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং যন্ত্রকৌশল বিভাগের ১ জন শিক্ষক রয়েছেন।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী রয়েছেন সবচেয়ে এগিয়ে। ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে তাঁর অবস্থান ১ হাজার ৪১৮তম। তাঁর মোট গবেষণাপত্রের সংখ্যা ৮৮টি।

একই বিভাগের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের ৮৭টি গবেষণাপত্র রয়েছে। ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে বিশ্বব্যাপী তাঁর অবস্থান ৪ হাজার ৫৪১তম। এ বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক ড. মো. মুক্তার হোসাইনের ৮১টি গবেষণাপত্র রয়েছে। একই উপক্ষেত্রে তাঁর অবস্থান ৫ হাজার ১১৯তম।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুস আহমেদ সাধারণ রসায়ন উপক্ষেত্রে বিশ্বব্যাপী ৪২৬তম অবস্থানে রয়েছেন। তাঁর মোট গবেষণাপত্রের সংখ্যা ৩৪টি।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার বিশ্লেষণাত্মক রসায়ন উপক্ষেত্রে ৯৪১তম অবস্থানে রয়েছেন। তাঁর মোট গবেষণাপত্র ২০টি।

এ ছাড়া যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল ভুইয়া নির্ভরযোগ্য শক্তিবিষয়ক উপক্ষেত্রে বিশ্বব্যাপী ৭ হাজার ৩৫০তম অবস্থানে রয়েছেন। তাঁর মোট গবেষণাপত্রের সংখ্যা ৪৪টি।

স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের এ তালিকায় গবেষকদের মূল্যায়নে শুধু গবেষণাপত্রের সংখ্যা নয়, গবেষণার প্রভাব ও সাইটেশনকেও গুরুত্ব দেওয়া হয়। স্কোপাস ডেটাবেজে থাকা বিশ্বের কোটি কোটি গবেষকের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়। সি-স্কোরের ভিত্তিতে বিশ্বের শীর্ষ এক লাখ বিজ্ঞানীর মধ্যে থাকা অথবা নির্দিষ্ট বৈজ্ঞানিক উপক্ষেত্রের গবেষকদের মধ্যে শীর্ষ ২ শতাংশে থাকলে একজন গবেষক এ তালিকায় স্থান পান। এ মূল্যায়নে বিজ্ঞানজগতকে ২২টি প্রধান ক্ষেত্র ও ১৭৪টি উপক্ষেত্রে ভাগ করা হয়েছে।

Advertisement