চবিতে কাল ‘জাতীয় রিসার্চ ফেস্ট’সহ একাধিক কর্মসূচি

মিমিক্রি ভিডিও দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা চাকসু ভিপি ইব্রাহিম রনির

54

মুশফিকুর আবরার রাফি, চবি থেকে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসুর অ্যাম্বুলেন্স হস্তান্তর, প্রতিনিধি সম্মেলন ও “জাতীয় রিসার্চ ফেস্ট” সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি। তবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোকে সামনে রেখে ৬ বছর আগের একটি বিনোদনমূলক ভিডিওর খণ্ডিত অংশ কেটে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

Advertisement

আজ (১২ অক্টোবর) এক বিবৃতিতে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।

বিবৃতিতে চাকসু ভিপি ইব্রাহিম রনি বলেন, “২০২০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বার্ষিক শিক্ষা সফরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হানিফ সংকেত, বেগম খালেদা জিয়া, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিল্পীদের কথা বলার ধরন অনুকরণ (মিমিক্রি) করে একটি অভিনয় পরিবেশন করা হয়েছিল। ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং অনার্স-মাস্টার্সের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সেটি ছিল সম্পূর্ণ একটি নির্ভেজাল ও বিনোদনমূলক পরিবেশনা, কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের উদ্দেশ্যে নয়।”

তিনি অভিযোগ করেন, আগামীকালকের গুরুত্বপূর্ণ ছাত্রকল্যাণমূলক কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে ছাত্রদল উদ্দেশ্য-প্রণোদিতভাবে সেই মিমিক্রি ভিডিও থেকে শুধু মরহুম বেগম খালেদা জিয়ার অংশটুকু কেটে, ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ধরণের ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচারকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে ইব্রাহিম রনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “কোনো ধরণের অপপ্রচার বা ষড়যন্ত্র শিক্ষার্থীদের কল্যাণে আমাদের চলমান পথচলা ও প্রচেষ্টাকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আগামীকাল নির্ধারিত সময়েই চাকসুর অ্যাম্বুলেন্স হস্তান্তর প্রোগ্রাম, প্রতিনিধি সম্মেলন ও ‘জাতীয় রিসার্চ ফেস্ট’ সহ সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কাজ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

Advertisement