নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সংস্কার কাজে রেলের কোচে নিম্নমানের জানালা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি ক্ষুব্ধ হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে বলেন, ‘নিজের বাড়ির জানালা হলে কি এভাবে কাজ করতেন?’
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কার কাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’
কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন,
‘এখানে জানালা যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কার কাজ হলে কি এভাবে কাজ করতেন?’
পরিদর্শনকালে মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেস শপ, যাদুঘরসহ বিভিন্ন শপ পরিদর্শন করেন। পরে কারখানার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

















