‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দিয়ে পদত্যাগ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বিএনপি নেতা বোরহান মাহমুদ

31

নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন ঘোষণা দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের কথা জানানোর এক দিনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ। মধুখালী থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

চেক প্রতারণার মামলায় এক বছরের সাজা

পুলিশের ভাষ্য অনুযায়ী, বোরহান মাহমুদ একটি চেক প্রতারণার মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা ওই মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তাঁর এক বছরের কারাদণ্ড হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

‘বড় লেভেলে খেলার’ ঘোষণা

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ এর মাধ্যমে তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরদিন বুধবার ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল পরিচালনা নিয়ে নানা অভিযোগ করেন।

দলীয় বিরোধ ও নানা অভিযোগ

বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে মব সৃষ্টি, চাঁদাবাজি ও জিম্মি করার অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। সম্প্রতি একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং অন্য একটি ঘটনায় এক ব্যক্তিকে আটকে রেখে টাকা দাবির অভিযোগও করেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম জানিয়েছেন, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডের কারণে তাঁকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

বোরহান পদত্যাগের ঘোষণা দিলেও উপজেলা বিএনপি জানিয়েছে, তারা এখনো তাঁর কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি।

Advertisement