চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে গঠিত আয়োজক কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় চবি উপাচার্যের দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বৈঠকে বিশ্ববিদ্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এই ঐতিহাসিক দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থী বা এলামনাইসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সার্বিক আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সভায় উপস্থিত সকলেই নিজ নিজ সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপাচার্য তাঁর বক্তব্যে কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার আহ্বান জানান এবং সকলের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আয়োজক কমিটির সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক এবং সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নিহাদ করিম এবং মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন।
অন্যান্যদের মধ্যে সভায় আরও অংশ নেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া।
সভার শেষভাগে হীরক জয়ন্তীর মতো একটি বৃহৎ উৎসবকে সফল করতে চবি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।















