সম্মিলিত সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগর বিএনপির ধন্যবাদ

5

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান নগর বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Advertisement

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।

নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের দেশ ও জাতীয় পরিচয় অভিন্ন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই একটি প্রগতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় সম্প্রীতি এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এবারের শারদীয়

দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক ভূমিকার জন্য নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement