শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা নয়, এমপি নুরুল আমিনের কড়া নির্দেশ

16

মিরসরাই প্রতিনিধি: শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথি অভ্যর্থনা বা সংবর্ধনা না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিঠানালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ নির্দেশনা দেন।

Advertisement

শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন, পড়াশোনার পরিবেশ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অতিথি কিংবা জনপ্রতিনিধির আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ নির্দেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অতিথি অভ্যর্থনার কাজে ব্যবহার না করে তাদের শিক্ষা, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

সংসদ সদস্য নুরুল আমিন আরো বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সময়, শিক্ষা ও মর্যাদার প্রতি সম্মান দেখানো জরুরি। অতিথি অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটানো কিংবা রোদ-বৃষ্টিতে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা কোনোভাবেই কাম্য নয়। বরং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই সংশ্লিষ্ট সবার প্রধান দায়িত্ব।

স্থানীয়রা মনে করছেন, সংসদ সদস্য নুরুল আমিনের এ নির্দেশনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুরক্ষিত রাখার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement