ব্যাপক সচেতনতাই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রশাসক ডা. শাহাদাত

1

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Advertisement

তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হলেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে এর চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। এ জন্য শুধু চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ মিলনায়তনে শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর (CSCR) এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬-এর চলমান কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাসব্যাপী চলমান ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি চট্টগ্রামে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ভীতি ও অসচেতনতা দূর করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সময়মতো চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জনসচেতনতা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, রোগের লক্ষণ সম্পর্কে ধারণা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিকবান্ধব কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলা চসিকের অন্যতম লক্ষ্য। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও এ লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী। বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. তানজিনা তাবাচ্ছুম নিহা, ডা. তাজরিয়ান সোলতানা, ডা. জাহিদা আকতার ও ডা. কামরুন নাহার টুম্পা।

আলোচনায় ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ চেনা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Advertisement