চট্টগ্রামসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু আজ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি

1

চট্টলা নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন।

Advertisement

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন বাধ্যতামূলক। এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার। এ ছাড়া নির্ধারিত চার্জিং স্টেশন থেকে ব্যাটারি চার্জ করতে হবে এবং অনুমোদিত কারিগরি মানদণ্ড অনুসরণ করতে হবে।

তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে চলাচলরত ই-রিকশা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হচ্ছে না। পর্যায়ক্রমে এসব যানবাহনকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Advertisement