সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতি, গুরুতর আহত ইউপি সদস্য মাহফুজ

37

​সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ী পরানার পাড়া এলাকায় ইউপি সদস্য (মেম্বার) মাহফুজের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত তার বাড়িতে হানা দিয়ে নগদ সাত লক্ষ টাকা,ছয় ভরি স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় ইউপি সদস্য মাহফুজ গুরুতর আহত হয়েছে।

Advertisement

​​স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে একদল সশস্ত্র ডাকাত দল ছাদের দরজা ভেঙ্গে ইউপি সদস্য মাহফুজের বসতবাড়িতে হানা দেয়। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। হামলায় ইউপি সদস্য মাহফুজ গুরুতর আহত হয়। ঘটনার সময় ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

​পরবর্তীতে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে আসার চেষ্টা করলেও ডাকাতরা অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে আহত ইউপি সদস্যকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা নেই। একজন জনপ্রতিনিধির বাড়িতে যদি এ ধরনের সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement