চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ভাষ্য।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত হৃদয় ‘ফাইভ জি’ গ্রুপের সদস্য ছিল। কয়েক দিন আগে গ্রুপের কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। এর জেরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই এলাকায় ‘ফাইভ জি’ ও ‘সেভেন জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। পুলিশের ভাষ্য, হৃদয়কে হত্যা করে ‘সেভেন জি’ গ্রুপের সদস্যরা। আর এ গ্রুপটি নিয়ন্ত্রণ করতেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ২৯ অক্টোবর একই আদালত ওয়াকিল হোসেন বগাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তিনি পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
















