নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রাম নগরের আকবরশাহ আবাসিক এলাকার প্রবেশমুখ সংলগ্ন কবরস্থানের পূর্ব পাশে বিদ্যুতের হাইভোল্টেজ লাইনে আর্ক (বৈদ্যুতিক স্ফুলিঙ্গ) সৃষ্টি হয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। গাছের শুকনো ডাল সরাসরি হাইভোল্টেজ লাইনের সংস্পর্শে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, গাছের শুষ্ক ডাল বিদ্যুতের উচ্চ ভোল্টেজ লাইনের সংস্পর্শে আসছে। এতে বৈদ্যুতিক আর্ক ও আগুন সৃষ্টির আশঙ্কা রয়েছে। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, একই স্থান ও একই ধরনের ঝুঁকি নিয়ে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে সংবাদ প্রকাশ করেছিল চট্টলা নিউজ। ওই সময় সেখানে ওয়াই-ফাই সংযোগের ক্যাবলসহ অন্যান্য উপকরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
একই স্থানে পুনরায় এমন ঝুঁকি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে বিদ্যুতের লাইনের সংস্পর্শে থাকা শুকনো ডালপালা অপসারণ এবং ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শনের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ পথ দিয়ে প্রতিদিন পথচারী, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

















