সুপার পেট্রোকেমিক্যালকে সুবিধা দিতে জুনিয়রদের নিয়ে পকেট কমিটি

অবৈধ রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির নজিরবিহীন তোড়জোড়

সময় মাত্র ৩ দিন!

27

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদন না মেলায় সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারি স্থাপনের প্রথম আবেদন আগেই নাকচ হয়েছিল। সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে বিশাল রিফাইনারির নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করেছে প্রতিষ্ঠানটি। আশ্চর্যের বিষয় হলো, অবৈধ ব্যবহারের জন্য এত বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করলেও সরকারি সংস্থাগুলো একেবারে নীরব ভূমিকা পালন করছে। উল্টো বিপুল পরিমাণ যন্ত্রাংশ আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত না করেই ওপর মহলের জোর তদবিরে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারির নির্মাণকাজ চালিয়ে যাওয়া, অবৈধ ব্যবহারের জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি, শুল্ক ফাঁকির অভিযোগ এবং বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির আবেদন ঘিরে দেশের জ্বালানি খাতে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ তৈরি হয়েছে।

৩০টির বেশি অনুমোদন ছাড়াই চলছে কারখানার কার্যক্রম
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়‍্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন। অভিযোগ রয়েছে- এসব প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানার কার্যক্রম চালু করা হয়েছে।

জুনিয়রদের নিয়ে কমিটি গঠন ও ওপর মহলের চাপ
একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে জুনিয়র কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব স্বাক্ষরিত আদেশে সাত সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়। এত বড় একটি প্ল্যান্ট সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে এই কমিটিকে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র তিন দিন!

জ্বালানি বিভাগ ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারির প্রয়োজনীয় অনুমোদন না থাকলেও প্রভাবশালী একটি মহলের তৎপরতায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে। এখন রিফাইনারি স্থাপনের শর্ত পূরণের বিষয়টি যাচাইয়ের নামে মূলত অনুমোদনের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে খোদ বিপিসির ভেতরেই প্রশ্ন উঠেছে।

আমদানিতে শুভঙ্করের ফাঁকি: কনডেনসেট নাকি ক্রুড?
অনুমোদনসংক্রান্ত বিতর্কের মধ্যেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির কথা বলা হয়েছে।

তবে অনুসন্ধানে পাওয়া নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। দেখা গেছে, আমদানির আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্যকে এক করে উপস্থাপনের অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট ও লাইট ক্রুড এক ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

নথিপত্রে পদে পদে অসংগতি ও বিপিসির চিঠি
সুপার পেট্রোকেমিক্যালের বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো চিঠিতেও কাঁচামাল আমদানির পরিকল্পনায় অসংগতি পাওয়া গেছে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত গত ১০ আগস্টের চিঠিতে ২০২৭ সালে প্রতিষ্ঠানটির কাছ থেকে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিমাণ জানতে চাওয়া হয়।

ওই চিঠির সূত্র উল্লেখ করে গত ২৭ অক্টোবর বিপিসিকে দেওয়া চিঠিতে সুপার পেট্রোকেমিক্যাল তাদের ২০২৭ সালের সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে। এতে বলা হয়, ওই বছর বিপিসিকে ২ লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, ১ লাখ ১৯ হাজার টন পেট্রল, ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং ৩ লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। চিঠিতে উল্লেখ করা হয়, এসব জ্বালানি উৎপাদনে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি করা প্রয়োজন।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, একটি অনুমোদনহীন রিফাইনারির জন্য এভাবে যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হওয়া দেশের নিয়ন্ত্রণব্যবস্থার চরম দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে যথাযথ নিরাপত্তা ও তদারকি নিশ্চিত না করে কৌশলগত কাঁচামাল আমদানির অনুমতি দেওয়া হলে তা গোটা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। শুল্ক ফাঁকির অভিযোগ তদন্ত না করে তড়িঘড়ি করে কমিটি গঠনের মাধ্যমে অবৈধ প্ল্যান্টকে বৈধতা দেওয়ার এই চেষ্টা অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।

Advertisement