মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। এ সময় খামার থেকে অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসানের খামারে সংঘটিত এ চুরির ঘটনায় প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে চোরের দল। পরে খামারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় খামারের বেশ কিছু জিনিসপত্রও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, তিনি খামারটি ভাড়া নিয়ে এনজিও থেকে ঋণ করে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছিলেন। বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। চোরেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ফ্যান, লাইট ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দুটি দোকানে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















