সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি নতুন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম সিলেট সদরের মৃত আব্দুল মতিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারীস্থ শাহ আলম চৌধুরীর মালিকানাধীন একটি ভবন নির্মাণে কাজ করার সময় অসাবধানতায় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের সাথে জড়িয়ে পড়েন রাজ মিস্ত্রি কাইয়ূম। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থল প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

















